ছবির ক্যাপশন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা এর আগে রাষ্ট্রপরিচালনা করেছে, তারা পরীক্ষিত। আবার মসনদে বসে তারা কি দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই। চাঁদার ভাগ বণ্টন নিয়ে নিজেরা নিজেদেরকে খুন করেছে। পাথর দিয়ে মানুষ হত্যা করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. এইচ এম মোমতাজুল করীম।
তিনি আরও বলেন, আজ ইসলামী দলগুলো সব এক কাতারে এসেছে। দেশ প্রেমিক অনেকেই আছে। তিনি ঝিণাইদহ ৩ আসনে মাওলানা সরোয়ার হোসেন ও ঝিনাইদহ ৪ আসনে মুফতি মুহাম্মদ আব্দুল জলিলকে পরিচয় করিয়ে দেন। প্রয়োজনী রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা এই গণসমাবশের আয়োজন করে।
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিআর পদ্ধতি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং টাকা পাচারকারী ও খুনিদের, গুমিদের, জালিমদের, বদমায়েশদের, গণহত্যাকারীদের বিচার করতে হবে।
