ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া দাখিল মাদ্রাসার মূল প্রবেশপথটি বর্ষার কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার মানুষজনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়েই আড়িয়া, ছোটশলুয়া, গিরিশনগর, নুরুল্লাপুর, চাঁদপুর, ছোটশলুয়া, বেগমপুর, বড়শলুয়া, বলদিয়া, তিতুদহ, হিজলগাড়ীসহ আশেপাশের গ্রাম থেকে শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। কিন্তু বর্ষার কারণে পুরো রাস্তাটি কাদা-পানিতে ডুবে গেছে। প্রতিদিন স্কুলব্যাগ হাতে নিয়ে শিক্ষার্থীদের হাঁটু পর্যন্ত কাদামাড়িয়ে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। অনেকের পা পিছলে পড়ে পোশাক যাচ্ছে হয়, কেউ কেউ আবার বিকল্প পথ দিয়ে ঘুরে যেতে বাধ্য হয়। অনেক শিক্ষার্থী এই বর্ষায় মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়নের দাবি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতি বর্ষায় এই দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ গ্রামবাসীদের। অভিভাবকেরা বলেন, শিক্ষার জন্য যেখানে উৎসাহ দেওয়া দরকার, সেখানে রাস্তার এমন অবস্থা আমাদের সন্তানদের অনুৎসাহিত করছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রাস্তাটি পাকা করাসহ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছানোয়ার হোসেন বলেন, রাস্তার বেহাল। এ নিয়ে আমরা খুবই বিপদে আছি। যাতায়াতের অসুবিধার জন্য যেমন শিক্ষার্থীরা যন্ত্রণা পোহাচ্ছে, তেমনই আমরাও শিক্ষা দিতে অনেকটা ব্যাহত হচ্ছি। এ বিষয়ে আড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি তৌহিদ বলেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা আশা করছেন।
