চুয়াডাঙ্গা বড় বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

পথচারী ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি

আপলোড তারিখঃ 2025-07-30 ইং
চুয়াডাঙ্গা বড় বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজার পুলিশ বক্স থেকে শুরু করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পর্যন্ত রাস্তার পাশের অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এসব দোকানের মধ্যে ছিল চায়ের দোকান, ফলের ঠেলাগাড়ি, হালকা খাবারের অস্থায়ী দোকান এবং ইট-সিমেন্ট দিয়ে গাঁথা স্থাপনা।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা চালিয়ে আসছিলো একটি গোষ্ঠী। এতে করে বাজার এলাকাজুড়ে যানজট লেগেই থাকত, পথচারীরা চলাচলে ভোগান্তির শিকার হতেন। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। অভিযানকালে যে সব দোকান ইটের ব্যবহার ছিল, সেগুলো ভেঙে ফেলা হয় এবং ইট-পাথর পৌরসভার গাড়িতে তুলে নেওয়া হয়। দোকানদারদের অনেকেই অভিযানের সময় নিজেরা মালামাল গুটিয়ে সরে যান।




অভিযান শেষে ইউএনও এম. সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে যারা জনভোগান্তি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’ এসময় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা অভিযানকে সহায়তা করে এবং বাজারে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করে।


এদিকে হঠাৎ অভিযানে দোকান হারিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দোকানদার। তবে স্থানীয় পথচারী ও যানবাহন চালকরা অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, নিয়মিত অভিযান হলে বড় বাজারে যানজট অনেকটাই কমে আসবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)