ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশিক (২৬) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আশিক উপজেলার আরামডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে হঠাৎ করেই পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালকের তেমন কিছু না হলেও আশিক ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জানান, ‘আহতের মাথা ও শরীরের একাধিক স্থানে আঘাত রয়েছে। তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তবে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’
