ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর-পিতম্বরপুর সড়কে ইজিবাইকযোগে ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক যুবক। তার তিন সঙ্গী অপর এক ইজিবাইকের যাত্রীদের কিছু টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২৪)। তিনি দামুড়হুদা উপজেলার বেগপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একটি ইজিবাইকে চালকসহ চারজন যুবক ওই সড়কে আসে। এসময় অপর এক ইজিবাইক থামিয়ে যাত্রীদের সঙ্গে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। এসময় তিনজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে উত্তেজিত গ্রামবাসী। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘আটক যুবকসহ চারজনের একটি চক্র ইজিবাইকযোগে বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করে। গতকাল রাতে এমনই একটি ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গীরা অন্য একটি ইজিবাইকের যাত্রীদের কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। পলাতকদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
