ব্যাংকের ভল্টে থাকা চেক দিয়ে কোটি টাকার জালিয়াতি!

ভুক্তভোগী দম্পতির সংবাদ সম্মেলন, ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
ব্যাংকের ভল্টে থাকা চেক দিয়ে কোটি টাকার জালিয়াতি! ছবির ক্যাপশন:

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) ঝিনাইদহ শাখায় জমা রাখা চেক চুরি করে গ্রাহকের নামে মামলা দায়ের করার নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে আসে ভুক্তভোগী এক দম্পতির সংবাদ সম্মেলনের মাধ্যমে। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মহেশপুর উপজেলার ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম।


সংবাদ সম্মেলনে ইয়াসমিন আক্তার জানান, মহেশপুর পশু হাসপাতাল রোডে তার ‘সালিম ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্য ২০১৫ সালে ডেভেলপমেন্ট ব্যাংক ঝিনাইদহ শাখা থেকে তিনি ১৮ লাখ টাকা ঋণ নেন। এ সময় তিনি জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র ও ৩৭টি স্বাক্ষরিত ফাঁকা চেক (সিরিয়াল ০৭৫১৩৯৯-০৭৫১৪৩৫) ব্যাংকে জমা দেন।


চুক্তি অনুযায়ী, তিন বছরের মধ্যে ৩৬টি কিস্তিতে প্রতি কিস্তিতে ৬১ হাজার ৫৬০ টাকা করে পরিশোধ করতে বলা হয়। তিনি সিরিয়াল ০৭৫১৩৮৬ থেকে ০৭৫১৩৯৮ পর্যন্ত ১৩টি চেক ব্যবহার করেন। বাকি চেকগুলো ব্যাংকের ভল্টে থাকার কথা। কিন্তু, ইয়াসমিন অভিযোগ করেন, ব্যাংকে রক্ষিত ০৭৫১৪৩৪ নম্বর চেক ব্যবহার করে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাসিন্দা আবু জাফরের ছেলে আলমগীর হোসেন তার বিরুদ্ধে ৯৭ লাখ টাকা পাওনার মামলা (সি আর নম্বর ২৩৯/২৫) করেছেন। অথচ চেকটি ব্যাংকের হেফাজতে ছিল। প্রশ্ন উঠেছেÑএই চেকটি কীভাবে তার হাতে গেল?


তিনি আরও দাবি করেন, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা জালিয়াত চক্রের সঙ্গে মিলে গ্রাহকদের ফাঁদে ফেলে টাকা লুট করছেন। এই ঘটনায় তিনি ব্যাংকের প্রধান কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ দিয়েছেন।


এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার মো. রকিবুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ব্যাংক ম্যানেজার ঋণ-সংক্রান্ত একটি বিষয়ে জিডি করতে এসেছিলেন। আমি কথোপকথন শুনলেও আদালতে মামলা হওয়ায় কোনো পরামর্শ দেইনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)