ছবির ক্যাপশন:
জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। অভিযুক্ত সাজ্জাদ হোসেন জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে। ভুক্তভোগী মেয়ের পিতা সুমন মিয়া এ ঘটনায় গত মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুমন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। স্কুলে যাতায়াতের সময় অভিযুক্ত সাজ্জাদ মেয়েটিকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজার থেকে ফেরার পথে সাজ্জাদ মেয়েটিকে ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাসায় নিয়ে যায়। সেখানেই প্রথমবার তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটিকে জীবননগরের নারায়ণপুর গ্রামের শরিফুলের বাড়িতে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
