ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদে মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি (ইভটিজিং), জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিতুদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘আমরা সমাজের মানুষ সমাজে বসবাস করি, আমাদের উচিত এই সমাজটাকে সুস্থভাবে গঠন করা। আর সমাজটাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মাদক, যার মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। তাই আগামী প্রজন্ম যেন ধ্বংসের মুখে না যায়, সেক্ষেত্রে আমাদের উচিত আমাদের সন্তানকে চোখে চোখে রাখা, যাতে করে তারা ধ্বংসের পথে না যেতে পারে। অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’
এদিন তিনি বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ, তিতুদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তিতুদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তিতুদহ ইউনিয়ন ভূমি অফিসে যান। এরপর তিনি গিরিশনগর সাপ্তাহিক হাট-বাজার পরিদর্শন করেন এবং বাজার ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক আওয়াল হোসেন, সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
