ছবির ক্যাপশন:
ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শনা সাংগঠনিক থানা জামায়াত এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লায়’ আপনাদের মূল্যবান ভোট চাই। গত ৫৪ বছর এই জাতি শুধু ধোঁকা খেয়েছে। আমাদের আমীরে জামায়াত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলে আপনারা টোল করেন, তাকে নিয়ে উপহাস করেন-এই জন্য আপনাদের ধিক শতধিক। অথচ তিনিই এখন বাংলাদেশের গর্ব, বিশ্বের আইকন হিসেবে বিবেচিত।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি জামায়াতে ইসলামীর ওপর একবার আস্থা রাখেন, তাহলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। কেউ আর না খেয়ে মরবে না, চাকরির জন্য ঘুষ দিতে হবে না, মানুষ ভূমিহীন থাকবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সাংগঠনিক থানা আমীর মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল কাদের ও মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন দর্শনা সাংগঠনিক থানার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, দর্শনা পৌর নায়েবে আমির গোলজার হোসেন, সদর উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি মাসুম মিয়া, চুয়াডাঙ্গা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সেক্রেটারি আবুল কালাম, দর্শনা পৌর সেক্রেটারি শাহরিয়ার দবির, অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আহমেদ হোসেন বাবু, যুব বিভাগের সেক্রেটারি তানজিল হোসেন প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু জর গিফারী। সঞ্চালনায় ছিলেন দর্শনা সাংগঠনিক থানার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম। এর আগে জামায়াতের জেলা আমির রুহুল আমিন দর্শনা রেলবাজার, জয়নগর গ্রাম, কাস্টম মার্কেট, ঈশ্বরচন্দ্রপুর গ্রাম ও দর্শনা বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন।
