ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় স্থানীয় পরিকল্পনা (এলপিপি) প্রণয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার হলরুমে নির্বাহী প্রকৌশলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ডভিত্তিক নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। ড্রেন নির্মাণ ও সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তা নির্মাণ ও মেরামত, ময়লা ব্যবস্থাপনা, কুমার নদের পাড়ে সৌন্দর্য বর্ধন এবং পার্ক নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সভায় উপস্থিত অংশীজনদের মধ্যে ছিলেন-শিক্ষক আমিনুল ইসলাম, ফজলুল হক শামীম, রহিদুল ইসলাম, নাগরিক প্রতিনিধি জিল্লুর রহমান ওল্টু, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, শরিফুল ইসলাম পিন্টু, আব্দুর রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ ও মুসাব ইবনে শাফায়েত, সাংবাদিক, নারী ও শিশু-কিশোর প্রতিনিধি, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি এবং সাবেক কাউন্সিলরবৃন্দ। সভা শেষে জরুরি ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে ২-৩টি করে পরিকল্পনা লিখিতভাবে গ্রহণ করা হয়, যা খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে বলে এলজিইডির কর্মকর্তারা জানান।
