ছবির ক্যাপশন:
১৫ দিনের বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মলিতাপাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫টি পরিবার। রান্না হচ্ছে কারো ছাদে, আবার যাদের ছাদ নেই তারা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। চরম দুর্ভোগে থাকা এলাকাবাসী দ্রুত সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে কোথাও কোথাও ঘরবাড়ির ভেতর হাঁটু, কোমর কিংবা অল্প পানিতে ডুবে আছে পরিবারগুলো। বহু চেষ্টা করেও পানি সরাতে না পেরে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির ব্যক্তিরা পানি বের করতে বাধা সৃষ্টি করেছে।
পানিবন্দি নজরুল ইসলাম বলেন, ‘পানি জমে থাকায় খুব কষ্টে আছি। পুরুষরা লুঙ্গি তুলে কোনোমতে বাজারে যেতে পারছি, কিন্তু ঘরে থাকা মা-বোনেরা পানির মধ্যেই চলাফেরা করছে। পায়ে পায়ে ঘা হয়ে গেছে। শিশুদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি, কখন কার কি হয়! অথচ এখনো কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। অনেক চেষ্টা করেও পানি বের করতে পারিনি-একদল মানুষ বাধা দিয়েছে।’ তিনি প্রশ্ন করে বলেন, ‘এখন বলুন, এই শিশুদের নিয়ে আমরা কোথায় যাবো? আমাদের বাঁচান।’
এই বিষয়ে হাউলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘আমি হাউলি ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়ে দেবো যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
