ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া, অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরা এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিনে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচটি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কুসুমপুর বিওপির সীমান্ত পিলার ৬১/৪-এস এলাকা থেকে ১২০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. মোশাররফ হোসেন।
একই রাতে যাদবপুর বিওপি এলাকার পারগোপালপুর গ্রামের মাঠ থেকে নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে উদ্ধার হয় ২৪ বোতল ফেন্সিডিল ও ৪৩ বোতল ভারতীয় মদ। এছাড়া গয়েশপুর বিওপির আওতায় রাত সাড়ে ১০টায় গয়েশপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালান নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান। অভিযানে ২ কেজি গাঁজা ও ৩৮৪ পিস ভায়াগগ্রা উদ্ধার হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজাপুর বিওপি এলাকা থেকে হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার হয় ২৫ বোতল ভারতীয় মদ। এছাড়াও কুমিল্লাপাড়া বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪৭-আর এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একজন পুরুষ বাংলাদেশিকে আটক করে। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদক জব্দ ও আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
