নারী-শিশুসহ ১১ জন আটক, মাদক উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-07-18 ইং
নারী-শিশুসহ ১১ জন আটক, মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৮ বিজিবি আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধ পথে ভারতে যাওয়া ও ভারত থেকে আসার সময় নারী, শিশু ও দালালসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।


৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুকের সই করা সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সিংনগর গ্রামের মাঠে নায়েক মো. মাসুদ কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ ও ৯৫ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে।


এদিকে, একই দিন বিকেলে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ টাঙ্গাইলপাড়া এলাকা থেকে সীমান্ত পিলার-৬০/১১৪-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনার সময় ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ ৪ জন বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মো. নজরুল ইসলাম। আটককৃতদের জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়েছে।


এছাড়া গতকাল বৃহস্পদিবার সকাল ৮টার দিকে কুসুমপুর বিওপি এলাকায় হাবিলদার মো. মোশারফের নেতৃত্বে অভিযান চালিয়ে নড়াইল জেলার বাসিন্দা মো. আলমগীর (৪৮) এবং এক নারীসহ ২ জনকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


একই সময় বাঘাডাঙ্গা বিওপির অধীনে বাজার এলাকা থেকে নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারত হতে বাংলাদেশে আসার সময় এক দালাল ও এক নারীকে মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সকাল ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপির অন্য একটি অভিযানে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে ২ জন নারী ও ১ জন শিশুকে ভারতে যাওয়ার পথে আটক করা হয়। তাদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)