ছবির ক্যাপশন:
মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-চুয়াডাঙ্গা রুটে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এবং আয় না থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন শ্রমিকরা। জানা গেছে, যশোর মিনিবাস মালিক সমিতির এক নেতা সম্প্রতি যশোর-কালীগঞ্জ-চুয়াডাঙ্গা রুটে নতুন বাস চালু করেন। এর বিরুদ্ধে আপত্তি তোলে কালীগঞ্জ মোটর মালিক সমিতি। একপর্যায়ে যশোরের শ্রমিক নেতারা কালীগঞ্জের কয়েকটি রূপসা-গড়াই সার্ভিসের বাস আটকে দেন। পরে শাপলা বাস সার্ভিসও বন্ধ হয়ে যায়। বাস বন্ধ থাকায় কোটচাঁদপুর, মহেশপুর ও চুয়াডাঙ্গাগামী যাত্রীরা ইজিবাইক, অটোভ্যান, লেগুনা ইত্যাদিতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
যাত্রী শাহিনুর রহমান বলেন, ‘শাপলা বাস সার্ভিস আটকে দিচ্ছে যশোরের শ্রমিক নেতারা। আমাদের ঝুঁকি নিয়ে বিকল্প বাহনে চলতে হচ্ছে, কিন্তু কেউ আমাদের দুর্ভোগের খোঁজ নিচ্ছে না।’ বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। কালীগঞ্জ কোটচাঁদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন বলেন, ‘গাড়ির চাকা ঘুরলে পেট চলে। পাঁচদিন ধরে গাড়ি বন্ধ, শ্রমিকরা অভাবে পড়েছে।’ কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘বাস আটকে দেয়ার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’
