চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

‘পরিকল্পিত পরিবার গঠনে তারুণ্যের ক্ষমতায়নই মূল শক্তি’

আপলোড তারিখঃ 2025-07-14 ইং
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ছবির ক্যাপশন:

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’-এ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। আলোচনা সভা, থিম উপস্থাপন, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণে মুখর ছিল অনুষ্ঠানটি। আয়োজনের সহযোগিতায় ছিল জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।


চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ‘পরিকল্পিত পরিবার গঠনে তারুণ্যের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুবসমাজকে স্বাস্থ্য সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতিতে সম্পৃক্ত করতে পারলেই টেকসই উন্নয়নের পথ সুগম হবে।’


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম। আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন এবং সংগঠক সিরাজুম মুনিরা।


বক্তারা তারা বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকেও আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।’ থিম মিউজিক, তথ্যচিত্র এবং ডকুমেন্টারি উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রেক্ষাপট, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানসমূহকে পুরস্কার ও সনদ প্রদান। বক্তব্য দেন জীবননগরের উথলী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হামিদুন নাহার, বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা, বাঁকা ইউনিয়নের পরিদর্শক হালিম উদ্দীন এবং এসএসিএমও আলমগীর কবীর।


পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে চুয়াডাঙ্গা মা ও শিশু কেন্দ্র শ্রেষ্ঠ কেন্দ্র নির্বাচিত হয়। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে পুরস্কার পায় জীবননগর। শ্রেষ্ঠ ইউনিয়ন ও ইউএইস অ্যান্ড এফডব্লিউসিসি নির্বাচিত হয় বেগমপুর।


চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মোহসিনা বিশ্বাস, বেগমপুর ইউনিয়নের পরিদর্শক অহিদুল ইসলাম ও এসএসিএমও অহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ। মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও অভিজ্ঞতা ভাগাভাগি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।


আলোচনায় উঠে আসে, জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু পরিবার পরিকল্পনার বিষয় নয়; এটি স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা ও সমাজকল্যাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। পরিকল্পিত পরিবার ও সুস্থ প্রজন্ম গঠনে তারুণ্যের সচেতন অংশগ্রহণই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে একটি সম্ভাবনাময়, মানবিক ও সমতাভিত্তিক রাষ্ট্রে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)