ছবির ক্যাপশন:
দুই লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহজুড়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানে জেলা ছাড়াও ছয় উপজেলার শত শত নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, মীর রবিউল ইসলাম লাভলু, সাইফুল ইসলাম ফিরোজ, নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ ও তারেকুজ্জামান তারেক।
কেন্দ্রীয় নেতারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন এ কর্মসূচির ভেতরে ঢুকতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
তৃণমূল নেতারা অভিযোগ করেন, দলের পরীক্ষিত নেতারা মিছিল-মিটিংয়ে জায়গা পাচ্ছেন না। ৫ আগস্টের পর যারা দলে সক্রিয় হয়েছেন, তারাই এখন প্রাধান্য পাচ্ছেন-এই প্রবণতা বন্ধ করতে হবে। বক্তারা অভিযোগ করেন, জেলা ও উপজেলার কিছু নেতা আওয়ামী লীগের ক্যাডারদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. মজিদ জানান, জেলার ৬৭টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৮০০ করে নতুন সদস্য এবং ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে ৯৭ হাজার ২০০ সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে লক্ষ্যমাত্রা ২ লাখ ১৭ হাজার ৮০০।
