ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটো। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ‘বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান কেবল কাগজে-কলমে নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।’ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী ও ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয় এবং কর্মসূচির ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিটি উপজেলার ইউনিটে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়।
