ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও খুদে বিজ্ঞানী আল কাসাভের উদ্ভাবনী সাফল্যে মুগ্ধ হয়ে তার বাবাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি আল কাসাভের ভবিষ্যৎ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারেক রহমানের ফোনালাপের খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয় ও এলাকায় বইতে থাকে আনন্দের জোয়ার। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আল কাসাভকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মোল্লা এবং কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, ‘আল কাসাভ শুধু গাংনীর নয়, গোটা দেশের গর্ব। তার উদ্ভাবনী চিন্তা দেশকে এগিয়ে নিতে পারে। তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।’
এদিকে সংবর্ধনা উপলক্ষে এলাকায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। অনেকে তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মত প্রকাশ করেন, এমন প্রতিভা জাতির সম্পদ। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আল কাসাভদের হাত ধরেই ভবিষ্যতের বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
