ছবির ক্যাপশন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত মহেশপুর উপজেলা শাখার কমিটিকে ঘিরে বিতর্কের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ছাত্র সংগঠনটির দুটি অংশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা ডাকবাংলা মিলনায়তনে প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক হামিদুর রহমান রানা, সদস্যসচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জামিল হাসান, মোকলেসুর রহমান, সাব্বির হোসেন, আসিফ হোসেনসহ আরও অনেকে।
বক্তব্যে হামিদুর রহমান রানা দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল মিথ্যাচার করছে।’ সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ৩ জুলাই শুক্রবার একটি স্বার্থান্বেষী মহল ‘বিতর্কিত নেতৃত্বের’ অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। তারা জানান, ওই ঘোষণাটি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছি।’ এ নিয়ে সংগঠনটির অভ্যন্তরে দ্বন্দ্ব ও বিভাজন আরও স্পষ্ট হলো বলে মনে করছেন স্থানীয় শিক্ষার্থীরা। কয়েকদিনের ব্যবধানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ছাত্র রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে মহেশপুরে।
