ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাংলাদেশ কৃষক সংগঠনের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক সংগঠন হরিণাকুণ্ডু উপজেলা শাখা। সংগঠনটির উপজেলা সভাপতি মো. শাহীনূর ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা সভাপতি কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক সম্পাদক নাছরিন নাহার এবং সংগঠনিক সম্পাদক মারুফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সম্পাদক আশরাফুল আবেদীন আশা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান প্রান্তিক কৃষকদের নানা সমস্যা তুলে ধরেন এবং বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে সরকারের কাছে ১৪ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ১. কৃষকদের জন্য জাতীয় সংসদে ১০% সংরক্ষিত আসন রাখতে হবে, ২. কৃষক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, ৩. ১ মণ মানে ৪০ কেজির অধিক ওজন গ্রহণ বন্ধ করতে হবে, ৪. সার সিন্ডিকেট বন্ধ করতে হবে, ৫. কৃষিপণ্যের মূল্য নির্ধারণ কমিটি গঠন করে মূল্য নির্ধারণ করতে হবে, ৬. সরকারি অফিস-আদালতে কৃষকের কাজকে অগ্রাধিকার দিতে হবে, ৭. কৃষি ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো কৃষক মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, ৮. প্রণোদনার পরিবর্তে ডিজেলের ওপর ভর্তুকি বাড়িয়ে দাম কমাতে হবে, ৯. কৃষিপণ্যের উৎপাদন খরচ কমাতে হবে, ১০. উপজেলায় সরকারি হিমাগার স্থাপন করতে হবে, ১১. খাজনার পরিমাণ কমাতে হবে, ১২. ঝাড়দারের টাকা বাজার কর্তৃপক্ষকে বহন করতে হবে, ১৩. প্রতিটি উপজেলায় ফল প্যাকেজিং প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলতে হবে, ১৪. কৃষকদের জন্য ফসল বীমা চালু করতে হবে। বক্তারা এসব দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
