ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার রুস্তম আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালনগর গ্রামের মৃত নয়মুদ্দিনের ছেলে রুস্তম আলীর নেতৃত্বেতার ছেলে আব্দুল্লাহ, ফরিদুল ইসলাম, আইয়ুব আলীর ছেলে আনছার আলী, তৈয়ব আলীসহ ১০-১৫ জনের একটি দল গত রোববার সকালে গোপালনগর মাঠে পৈত্রিক জমি দখলের চেষ্টা চালায়।
জমির প্রকৃত মালিক দাবিদার বানিয়াপুকুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীম, মৃত শাহাদত আলীর ছেলে আব্দুল মজিদ, গোপালনগর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আবু ছদ্দিন, মৃত হানিফ আলীর ছেলে উজ্জ্বল হোসেন ও মৃত হামিদের ছেলে রববুল হোসেন জানান, গোপালনগর মৌজার সিএস খতিয়ান ৬৪, ৬৫; এসএ খতিয়ান ৪১, ৪২ এবং আরএস খতিয়ান ৫৬৯, ৫৭০, ৫৮, ৫২৫, ৫৮৯ ও ৩৮৯ নম্বর খতিয়ানে; আরএস দাগ নম্বর ১১৪, ১৮০, ২৫৯, ৩০২, ৩২৯, ৩৮৪, ৪২৬, ৪২৮, ১২১৯, ১৩১৭ ও ২৪৬১ নম্বর দাগে মোট ২১ একর ১১ শতক জমি শাহাদত মণ্ডল, মোহাম্মদ মণ্ডল, আমির উদ্দিন, হাজী আলীমদ্দিন, রাহাতন নেছা, জহির উদ্দিন ও রহিমন নেছার নামে রেকর্ডভুক্ত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব জমি এজমালি হিসেবে ভোগদখল করে আসছেন। তবে প্রতিপক্ষ একটি ভুয়া কাগজপত্র তৈরি করে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত রুস্তম আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
