ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক

তিন মাস পর মরদেহ ফেরত দিল বিএসএফ

আপলোড তারিখঃ 2025-07-06 ইং
ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক ছবির ক্যাপশন:

গুলিতে নিহত হওয়ার তিন মাস পর বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের টানা প্রচেষ্টায় মরদেহ দেশে ফেরায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান। নিহত ওয়াসিম আকরাম (২৮) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।


বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল সীমান্তবর্তী ইছামতী নদীর ভারতীয় অংশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন বাঘাডাঙ্গা গ্রামে অবস্থানরত রমজান আলী মরদেহটি তার ছেলে ওয়াসিম আকরামের বলে শনাক্ত করেন। পরবর্তীতে বিএসএফ মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। ওয়াসিমের বাবা রমজান আলী মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবি বিএসএফের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ চালিয়ে যায়।

শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ ও বিএসএফ মরদেহটি ফেরত দিতে সম্মত হয়। নিহত ওয়াসিমের বাবা রমজান আলী ও বড় ভাই মেহেদী হাসান মরদেহ গ্রহণ করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত ১১ এপ্রিল গুলিবিদ্ধ হন ওয়াসিম। পরবর্তীতে সীমান্তের ভারতীয় অংশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)