উৎসবের আমেজে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি নাহিদ হাসান, সম্পাদক নাজমুল হক

আপনাদের দায়িত্ব হবে সমাজের সত্যকে তুলে ধরা- শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2025-07-06 ইং
উৎসবের আমেজে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪৩ বছর পর সরাসরি ব্যালটের মাধ্যমে সাংবাদিকদের প্রত্যাশিত নেতা নির্বাচিত হয়েছে এই উপজেলায়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। প্রার্থী ছিলেন ২৩ জন। ব্যালট পেপারে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনটি হয় রীতিমতো প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গতকাল দুপুর ১২টার দিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। 


এসময় তিনি বলেন, ‘গণতন্ত্রের চর্চা শুধু জাতীয় রাজনীতিতে নয়, পেশাগত সংগঠনের মধ্যেও এই চর্চা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই নির্বাচন তারই প্রতিফলন।’ তিনি আরও বলেন, ‘সংবাদপত্র সমাজের দর্পণ। যারা এই ক্লাবের নেতৃত্বে আসবেন, তাদের দায়িত্ব হবে সমাজের সত্যকে তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা।’


পরিদর্শন শেষে জেলা বিএনপির এই নেতা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং নির্বাচনের আয়োজকদের ধন্যবাদ জানান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে দেখে সন্তোষ প্রকাশও করেন তিনি। এসময় তিনি আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সর্বপ্রকার উন্নয়নমূলক কাজের সাথে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।


ফলাফল ঘোষণার আগ মুহুর্তে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি বলেন, ‘আমি দেখলাম আজকের নির্বাচনের এই চমৎকার আয়োজন প্রীতি ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতই দারুণভাবে অনুষ্ঠিত হয়েছে। আপনারা একই পরিবারের অর্šÍভুক্ত, নিজেদের মধ্যে জয় পরাজয় থাকবে, তবে ফলাফল যায় হোক না কেন, আপনারা হার-জিত ভুলে গিয়ে সকলে একসঙ্গে কাধে কাধ মিলিয়ে আপনাদের কর্তব্য ও দায়িত্ব পালন করবেন। ভোট নিয়ে প্রচার-প্রচারণায় আপনামের মধ্যে দ্বিমতের সৃষ্টি হতে পারে, কেউ কারো কথায় কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।’ এসময় তিনি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আলমডাঙ্গা ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসান। তিনি দোয়াত-কলম প্রতীকে ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী  ইউনুছ আলী মন্ডল ছাতা প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-আমিন হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।



এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সনজু আহমেদ। তিনি মোরগ প্রতীকে ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান মাইক প্রতীকে পেয়েছেন ১২ ভোট। যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সোহেল তানজিদ গোলাপ ফুল প্রতীকে ১৬ ভোট এবং আরিফুল ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম কলম প্রতীকে ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম টিয়া প্রতীকে পেয়েছেন ১২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিপন আলী বল প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ মহিদুল ইসলাম হরিণ প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে ২৪ ভোট, আরিফুল ইসলাম টেবিল প্রতীকে ২৩ ভোট, খন্দকার সালাহউদ্দিন ১৭ ভোট এবংসজিব হোসেন ১৫ ভোট পেয়েছেন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে আব্দুল্লাহ হক ও সাইফুল হুদা, কোষাধ্যক্ষ পদে শরিফুজ্জামান শরীফ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ইখলাচ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কাজী ফারুক আহম্মদ সোহাগ এবং প্রচার সম্পাদক পদে মীর রোকনুজ্জামান।


এদিকে, এই নির্বাচন ঘিরে ছিল উৎসাহ উদ্দীপনা আর ব্যাপক আগ্রহ। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ ও সচেতন মহলেও এ নির্বাচন ছিল আলোচনার কেন্দ্রে। ৪৩ বছর পর সরাসরি ব্যালটে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে অনেকে গণতন্ত্র চর্চার এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান বলেন, ‘আমার নির্বাচনী স্লোগান ছিল, বিশ্বাসে গড়ি নেতৃত্ব, ঐক্যে গড়ি সংগঠন, নির্ভিক কণ্ঠে আমি ন্যায়ের পক্ষে’। তিনি আরো বলেন, ‘সংবাদপত্র জাতির দর্পণ, আর সাংবাদিক সমাজ তার নির্ভীক কণ্ঠস্বর। এটাশুধু সম্মানের নয়, বরং দায়বদ্ধতার বিষয়। পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী। প্রেসক্লাব হবে সকল সাংবাদিকের অভিন্ন ঠিকানা। একে কার্যকর ও গণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’


সংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং কল্যাণমূলক কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ক্লাব হবে একতার প্রতীক, মত প্রকাশের মুক্ত প্ল্যাটফর্ম। কারও ওপর কোনো ধরনের চাপ বা হুমকি বরদাশত করা হবে না।’ উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতাই আমার শক্তি। আমরা সবাই মিলে এই প্রেসক্লাবকে জেলার একটি আদর্শ সাংবাদিক সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ।’ 


এছাড়াও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন পরিদর্শনকালে বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি পার্টির) যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তর আব্দুল্লাহ আল মামুন রানা ও এ বি পার্টির মুসাব ইবনে সাফায়েত আব্দুল্লাহ আল মামুন রানা। তারা বলেন, ‘আমরা আশা করি এই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব সাংবাদিকদের অধিকার, স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।’ 
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল চুয়াডাঙ্গার কোর্টপাড়ার কৃতী সন্তান হেমায়েত উল্লাহ বেল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, সময় টিভির রিপোর্টার মাহফুজ মামুন, নাগরিক টিভি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, মাথাভাঙ্গার প্রতিনিধি আলম আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বীন সানভী, রুদ্র রাসেল ও বিজয় টিভির প্রতিনিধি পলাশ আহমেদ প্রমুখ।


উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারি রিটারনিং অফিসার ছিলেন সাবেক ব্যাংক শহিদুল ইসলাম ও অ্যাড একরামুল হক, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেন। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানা-পুলিশ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)