ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম হোসেন বাবু (৩০) নিহত হন গত বুধবার ২ জুলাই দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে। দুই দিন অতিবাহিত হবার পরও এখনো ইব্রাহিম হোসেনের লাশ ফেরত দেয়নি বিএসএফ। পরিবারের দাবি, দাফনের জন্য লাশ দেশে আনার আবেদন করেছেন তারা। এদিকে, চুয়াডাঙ্গা সীমান্তের দায়িত্বে থাকা ৬ বিজিবি বলছে, লাশ হস্তান্তরের কথা জানালেও কখন কোথায় হস্তান্তর করবে এ বিষয়ে বিএসএফ কিছুই জানায়নি।
ইব্রাহিম হোসেন বাবুর পিতা নুর ইসলাম বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে সীমান্ত সংলগ্ন গালার মাঠে যায় বাবু। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই বাবুর মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।’
নুর ইসলাম আরও বলেন, ‘দুই দিন পার হয়েছে, আমরা সংশ্লিষ্ট্য জায়গায় আবেদন করেছি। কেঁদে কেঁদে ঘুরছি। তবে লাশ কখন হস্তান্তর করবে, সে বিষয়ে এখনো কিছুই জানতে পারছি না।’ চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বলেন, ‘আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করেছি। ওরা বলেছে যে ডেড বডি আমাদেরকে হস্তান্তর করবে। কিন্তু কখন কোথায় হস্তান্তর করবে এ বিষয়ে আমাদেরকে এখনো কিছু জানায়নি। আমরা অপেক্ষা করছি।’ তিনি আরও জানান, ‘গত বৃহস্পতিবার পতাকা বৈঠক হয়েছে।’
