চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

‘স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি’

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার ১৪টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গতকাল বুধবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন বাবু ও লিখন আহমেদ, জেলা সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক শিরিনা আখতার।

বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গার ১৪টি বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী কোনো সরকারি সহায়তা ছাড়া বছরব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান করে যাচ্ছেন। পরিবার চালাতে হিমশিম খেলেও তারা দায়িত্বে অবিচল রয়েছেন।’ হাকিম মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘আমরা সবচেয়ে অবহেলিত শিশুদের নিয়ে কাজ করি। চাই, এই কাজটাকে রাষ্ট্র স্বীকৃতি দিক, যেন অন্তত সরকারি বেতন পাই।’ শিরিনা আখতার বলেন, ‘প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা পড়ে এখানে। কেউ হাঁটতে পারে না, কেউ আলো সহ্য করতে পারে না। তাদের আলোর পথে আনার লড়াই করছি আমরা, অথচ রাষ্ট্র আমাদের এখনো চেনে না।’

বক্তারা জানান, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ৭৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৭৭২টি বিদ্যালয়কে যাচাই-বাছাই করে গ্রহণ করা হয়। তিন ক্যাটাগরিতে বিভক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘ক’ শ্রেণিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাঠপর্যায়ের যাচাই কার্যত স্থগিত। ফলে সারা দেশের প্রায় ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়-অবিলম্বে ১ হাজার ৭৭২টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবর পাঠানো এক চিঠিতে জানানো হয়- ‘এই বিদ্যালয়গুলো শুধু শিক্ষা নয়, প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও মানবিক সহায়তায়ও ভূমিকা রাখছে। রাষ্ট্র পাশে দাঁড়ালে এই শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হবে।’ বক্তারা বলেন, ‘আমরা রাষ্ট্রের ওপর বিশ্বাস রেখেই লড়াই করছি। আশা করছি সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।’

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার মতো দেশের প্রায় সব জেলাতেই শিক্ষকরা একই দাবিতে অবস্থান নিচ্ছেন। যত দ্রুত এই স্বীকৃতি ও এমপিওর বাস্তবায়ন হবে, তত দ্রুত পিছিয়ে পড়া শিশুরা সমাজের মূলধারায় ফিরে আসবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)