ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে পাঁচজন আটক, মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ ছবির ক্যাপশন:

ভারতে অবস্থানরত নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন শিশু। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ জন গতকাল বেলা একটার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল টিমের হাতে আটক হয়। পরে বিএসএফ মহেশপুর-৫৮ বিজিবিকে আটক বাংলাদেশিদের ফেরত নিতে অনুরোধ করে যোগাযোগ চালায়। যাচাই-বাছাই শেষে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর‌্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত নেয় বিজিবি। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুরুষ রয়েছেন ৬ জন। মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


এদিকে, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১০১ বোতল ভারতীয় মদ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ছয়টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪), মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মন্ডলের ছেলে কাসমীর মন্ডল (৪০), মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হাকিম (৩৯), একই গ্রামের আখের আলী গাজী (৪৩) ও ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামের বাবুল মন্ডলের ছেলে চন্দন মন্ডল (২২)।


বিজিবির তথ্যমতে, আটককৃতরা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এদিকে, মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত নিমতলা ও গয়েশপুর বিওপি’র পৃথক দুটি অভিযানে মোট ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আটক ৫ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)