ছবির ক্যাপশন:
মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডিত মো. স্বপন আলী মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর কেলাপুর গ্রামের এনামুল হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে পার্শ্ববর্তী জেলার নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্বপন আলী। সম্পর্কের সূত্রে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের নির্মাণাধীন দুইতলা ভবনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান।
পরে মেয়েটির বাবা গাংনী থানায় স্বপন আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলায় প্রাথমিক তদন্ত শেষে আদালতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিণ্টু মিয়া অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন আতাউর রহমান পিণ্টু।
