ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জেলা লিগ্যাল এইড অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আকবর আলী। সভায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল করতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, নতুন করে ২৬টি আবেদন জমা পড়েছে। এছাড়া প্যানেল আইনজীবী কমিটির হালনাগাদ এবং অভিযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম, আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মোহাম্মদ সেলিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী এবং সরকারি পক্ষের কৌঁসুলি (পিপি) মারুফ সরোয়ার বাবু। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম জনগণের মাঝে ছড়িয়ে দিতে সচেতনতামূলক সেমিনার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণে জেলা তথ্য অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ আকবর আলী বলেন, ‘লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে মানুষকে জানাতে হবে। কোন কোন মামলা বিনা খরচে পরিচালিত হয়, তা সকল শ্রেণি-পেশার মানুষকে জানাতে হবে। আপনারা আলোচনা করবেন-যার সঙ্গে কথা বলবেন তিনি যেন আরেকজনকে জানান। এভাবেই মানুষের মধ্যে লিগ্যাল এইড সম্পর্কে ধারণা তৈরি হবে।’ তিনি আরও বলেন, ‘আইনজীবী সমিতির যে সকল লার্নেড সদস্য রয়েছেন, তারা যদি বছরে অন্তত একটি করে মামলা অসহায়দের পক্ষে বিনা খরচে পরিচালনা করেন, তাহলে বিচারপ্রার্থীরা অনেক উপকৃত হবেন।’
সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম। সভায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নি.) কাজল কুমার শর্মা, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, জেল সুপার ফখর উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ছানোয়ার হোসেন, আইনজীবী অ্যাডভোকেট মানিক আকবর, ওয়েভ ফাউন্ডেশনের কানিজ সুলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি আসাদুজ্জামান, জাহানারা যুব মহিলা সংস্থার সভাপতি জাহানারা খাতুন এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
