ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন- মামুনউর রসিদ এলিস মাস্টার (৩৬)। তিনি সুবুলপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। এ ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুবলপুর প্রাইমারি স্কুলপাড়া সংলগ্ন পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সুবুলপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুনউর রসিদ এলিস মাস্টার জমি লিজ দেন একই গ্রামের মৃত কর্মীর ছেলে আব্দুর রশিদের নিকট। জমি লিজের মেয়াদ শেষ হয়ে গেলে তাদের জমি ছাড়িয়া দেওয়ার জন্য বললে আব্দুর রসিদ ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার সুবলপুর প্রাইমারি স্কুল পাড়া সংলগ্ন এলাকায় মামুনউর রসিদের ওপর হামলা করা হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরক্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসারর ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মারামারি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
