ছবির ক্যাপশন:
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই দিন বিজিবির পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে আরও তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বেলা ১টা ৫০ মিনিটের সময় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দর ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন যে, দুই বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। পরে তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর সংবলিত তথ্য বিজিবিকে হস্তান্তর করে বিএসএফ। বেলা ৪টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ৬০/২৯-আর এর কাছে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে উক্ত দুই নারীকে বিএসএফ বিজিবির হাতে তুলে দেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপি’র টহল দল হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই তিন বাংলাদেশি নাগরিক আটক হন। সীমান্ত পিলার ৬০/৪১-আর এর ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিজামকান্দি গ্রামের উষাকান্ত বিশ্বাসের ছেলে শান্তি রাম বিশ্বাস (২৮), রাহুথড় গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৪০) এবং একজন নারী রয়েছেন।
