ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্রে, কালেক্টরেট স্কুলের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক ও ব্যতিক্রমী ফুড কার্ট ‘সুমি'স ফিউশন’। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় নামে। ফুড কার্টের উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও মকছেদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, সময় টেলিভিশনের মাহফুজ মামুন, মোহনা টিভির সাইফ জাহান, বাংলাদেশ বেতারের হুসাইন মালিক, দৈনিক আমার বার্তার সাকিব আল হাসানসহ একাধিক গণমাধ্যমকর্মী। উদ্বোধন অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোক্তা কর্মকাণ্ডে যুক্ত হওয়া অত্যন্ত প্রশংসনীয়। এটি তরুণ সমাজকে উৎসাহিত করবে এবং বেকারত্ব কমাতে সহায়ক হবে।’ তিনি বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সুমি’স ফিউশন-এর উদ্যোক্তা ও পরিচালকদের একজন ফারহান আবেগ। তিনি জানান, এর আগে তারা ‘দ্য ম্যান’ নামে গার্মেন্টস পণ্যের একটি প্রতিষ্ঠান চালু করেছেন। পাশাপাশি প্রিন্স প্লাজা মার্কেটে রয়েছে লেডিস ও কিডস আইটেমের দোকানও। তিনি বলেন, ‘এই জায়গাটি আগে বসার অনুপযোগী ও নোংরা ছিল। এখন সেখানে নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও আধুনিক একটি খাবার পরিবেশ গড়ে উঠেছে।’
এদিকে, সামাজিক মহলের ভাষ্য, তরুণদের এমন উদ্যোগ চুয়াডাঙ্গায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এটি কর্মসংস্থান ও সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অনেকে।
