ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তেঘরীতে প্রকাশ্য দিবালোকে তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- তেঘরী গ্রামের আব্দুল্লার ছেলে তামিম হোসেন (২০), একই গ্রামের জাকির হোসেনের ছেলে হযরত হোসেন (৪০) ও মোহাম্মদপুর গ্রামের লাবলুর রহমানের ছেলে সোলাইমান হোসেন (৪১)। এছাড়া একজন অজ্ঞাত।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে স্থানীয় কয়েকজন মিলে তেঘরী গ্রামের একটি বাড়িতে তাস খেলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে তাদের জিম্মি করে নগদ টাকা ছিনতাই করা হয়। এ বিষয়ে অভিযোগকারী গড়াইটুপি গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘আমরা কয়েকজন বৃষ্টির কারণে একজনের বাড়িতে আশ্রয় নিই। পরে বৃষ্টি শেষ হলে বাড়ি আসার পথিমধ্যে তেঘরী চিত্রা নদীর ব্রিজের ওপর পৌঁছালে ৪ জন যুবক দেশীয় অস্ত্রের ডিগার ঠেকিয়ে ভয় দেখিয়ে আমাদের পথ আটকে নগদ ২২ হাজার ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ করেছি।’
এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে যে অভিযোগ দায়ের করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। ওরা সবাই টাকার বিনিময়ে জুয়া খেলছিল। কয়েকজন পোলাপান বিষয়টি জেনে সবাইকে ডেকে নিষেধ করে। তাছাড়া টাকা-পয়সার কোনো বিষয় নাই।’ এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে দুপক্ষকে শুক্রবার ক্যাম্পে ডাকা হয়েছে।
