ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের বাসিন্দা বিদ্যুৎ আহমেদ (২৯) ও আমির চাঁদ (৪০)। ঘটনার পর ভুক্তভোগী আনছার আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি প্রথমে গত বছরের ১লা এপ্রিল আনছার আলীর বাড়িতে এসে নিজেদের ‘মুসাফির’ পরিচয় দেন। তারা বলেন, ‘আমরা দোয়া করলে তা কবুল হয়, আমাদের একটি কোরআন শরীফের হাদিয়া দিন।’ তাদের কথায় প্রভাবিত হয়ে আনছার আলী তাদের ১ হাজার টাকা দেন। তবে এতেই তারা অসন্তুষ্ট হয়ে বলেন, ‘এত কম হাদিয়া দিলে আল্লাহর গজব পড়বে’, এমন ভয় দেখিয়ে তারা বিশেষ কৌশলে আনছারের কাছ থেকে আরও ১০ হাজার টাকা আদায় করে।
এরপর গতকাল বুধবার (২৫ জুন) সকালে ওই দুইজন আবারও আনছারের বাড়িতে ফিরে এসে এবার নিজেদের এতিমখানার শিক্ষক পরিচয় দিয়ে অনুদান চায়। আনছার ১০০ টাকা দেন, কিন্তু তাতেও তারা সন্তুষ্ট না হয়ে ধর্মীয় ভয় দেখিয়ে আরও টাকা দাবি করতে থাকেন এবং বলেন, ‘আমি হজে যাবো, টাকা ও একটি কোরআন শরীফ হাদিয়া দাও।’
তাদের কথাবার্তায় সন্দেহ হলে আনছার এতিমখানার নাম জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে পারেননি। এসময় তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে এলাকাবাসীর সন্দেহ বেড়ে গেলে দুই প্রতারককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
