চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলার রায় ঘোষণা

দুজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলার রায় ঘোষণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে উভয় আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের পূর্বপাড়ার মৃত ফকির চান মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫) এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ঈদগাহ্ পাড়ার ইব্রাহিম মন্ডলের ছেলে নাজমুল হক (২৯)।

জীবননগর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ জুন জীবননগরের মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার এক শিশু কন্যাকে ডালিম দেয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে আব্দুল খালেককে আসামি করে ঘটনার পরদিন জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জীবননগর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন ২০১৫ সালের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

অপর দিকে, আলমডাঙ্গা থানার আরেকটি মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর আলমডাঙ্গার বাড়াদী গ্রামের মীরপাড়ার এক বাড়িতে ঢুকে প্রবাসী বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করে আসামি নাজমুল হক। এ ঘটনা কাউকে না বলার জন্যও হুমকি দিয়ে যায় অভিযুক্ত। পরে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর ২০২১ সালের ১৯ ডিসেম্বর কিশোরীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার একমাত্র আসামি নাজমুল হককে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খসরু আলম।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসাথে উভয় আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। তিনি আরও বলেন, পৃথক দুটি রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট। ধর্ষণের ঘটনায় দুটি রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)