গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন সিভিল সার্জন

বিতর্কের মধ্যেই শেষ হলো চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন সিভিল সার্জন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যেই শেষ হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার। জেলার সদর ও দামুড়হুদা উপজেলার ১৯টি কেন্দ্রে গত শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগের রাত থেকেই অনিয়ম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। রাতেই চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে কর্মকর্তাদের উপস্থিতি ও অফিস খোলা রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সাধারণত সন্ধ্যার পর বন্ধ হয়ে যাওয়া এই কার্যালয় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত খোলা ছিল কেন-সে প্রশ্নে ফুঁসে ওঠে অংশগ্রহণকারীরা।


পরীক্ষার হলে অনুপস্থিত অনেক প্রার্থীর নাম লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় থাকা, কেন্দ্র ও সিট প্লানের একাধিকবার পরিবর্তন, এবং এসএমএসে কেন্দ্রে পরিবর্তনের তথ্য জানিয়ে বিভ্রান্তি সৃষ্টি-সব মিলিয়ে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তামান্না খাতুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনিয়মের তদন্ত দাবি করেছেন।


লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত রোববার, জেলা সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ‘সিএস/চুয়া/শা-১/স্বাস্থ্য সহকারী নিয়োগ/লিখিত পরীক্ষার ফলাফল/২০২৫/১০৭২’ স্মারক নম্বরের এক বিজ্ঞপ্তিতে। তবে এরপর ফের শুরু হয় বিতর্ক। গত ২৩ জুন প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের বিজ্ঞপ্তিতে মুদ্রণজনিত ত্রুটিতে রোল নম্বর ১৮১৯৩৪০৩২৬৭-এর স্থলে ভুলবশত ১৮১৯৩৪০৩২৭৬ নম্বরটি ছাপা হয়েছে। সংশোধিত রোল নম্বরধারী প্রার্থীকে ২৫ জুন মৌখিক পরীক্ষায় অংশ নিতে অনুরোধ জানানো হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬তম গ্রেডের স্বাস্থ্য সহকারী পদে ৩৯টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১৩ হাজার ৬৬৮ জন। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর অনুষ্ঠিত ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রতিটি পদের জন্য প্রায় ৩৫০ জনের প্রতিযোগিতা হয়। অবশেষে ২০৫ জন উত্তীর্ণ হন।


এদিকে, মৌখিক পরীক্ষা শেষ হলেও গতকাল রাত ১২টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়নি। তবে আজকের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে জানতে জেলা সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্যসচিব ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরীক্ষা গ্রহণের আগের রাত থেকে তিনি গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন। এতে করে নতুন করে প্রশ্ন উঠেছে, সিভিল সার্জন কি কোনো কিছু আড়াল করতে চাইছেন?


অন্যদিকে, অনুত্তীর্ণ প্রার্থীরা এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এ পরীক্ষা বাতিল করে নতুন করে গ্রহণের দাবি জানিয়েছেন। পরীক্ষার ফল প্রকাশের পর নতুন করে বিতর্ক দানা বাঁধতে পারে-এমন শঙ্কাও প্রকাশ করছেন অনেকেই।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)