চুয়াডাঙ্গায় বিসিকের প্লট বরাদ্দ নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

শিল্প বিকাশে উদ্যোক্তাদের ভূমিকা, সম্ভাবনা ও সুযোগ নিয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2025-06-26 ইং
চুয়াডাঙ্গায় বিসিকের প্লট বরাদ্দ নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), চুয়াডাঙ্গার জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিসিকের প্লট বরাদ্দ নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ সংক্রান্ত এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নীতিমালা, আবেদন প্রক্রিয়া এবং উদ্যোক্তাদের জন্য বর্তমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।


চুয়াডাঙ্গা জেলার সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শিল্পনগরীতে বিনিয়োগে উৎসাহিত করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। আলোচনায় অংশগ্রহণকারীরা শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। 


সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হলো-উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে শিল্প বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। বিসিক শিল্পনগরী চুয়াডাঙ্গার জন্য এক সম্ভাবনার দ্বার। এখানে প্লট বরাদ্দের মাধ্যমে আমরা এমন একটি শিল্পভিত্তিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে স্থানীয়ভাবে উৎপাদন, কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ থাকবে।’


তিনি আরও বলেন, ‘উদ্যোক্তাদের শুধু বিনিয়োগ নয়, তাদের পাশে থেকে প্রশাসনের সমন্বিত সহায়তাও নিশ্চিত করতে হবে। ব্যাংকিং, অবকাঠামো এবং দক্ষ জনবল-এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান একত্রে কাজ করলে চুয়াডাঙ্গা একদিন দেশের অন্যতম শিল্পকেন্দ্রে পরিণত হবে।’


সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান বলেন, ‘আমরা চাই শিল্পায়নের মাধ্যমে চুয়াডাঙ্গার অর্থনীতি আরও সমৃদ্ধ হোক। বিসিকের প্লট বরাদ্দ ব্যবস্থাকে স্বচ্ছ, সহজ ও উদ্যোক্তাবান্ধব করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। উদ্যোক্তাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসন সবসময় প্রস্তুত।’


বিসিক, চুয়াডাঙ্গার উপব্যবস্থাপক এ বি এম আনিসুজ্জামান বলেন, ‘বিসিক শিল্পনগরীতে ইতোমধ্যে কিছু প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ আরও বিস্তৃত হবে। অবকাঠামোগত উন্নয়ন, সাশ্রয়ী জমির মূল্য এবং প্রশাসনিক সহায়তার কারণে এ শিল্পনগরী উদ্যোক্তাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমরা চাই স্থানীয় পর্যায়ে যারা শিল্পে আগ্রহী, তারা যেন বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন।’


বিসিক শিল্পনগরী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের শিল্প নগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাসেল আহমেদের সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। এছাড়াও সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বিসিক শিল্পনগরীর ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, অর্থায়নের পথ এবং উদ্যোক্তাদের করণীয় বিষয়ে মতামত দেন। বেশিরভাগ অংশগ্রহণকারী বিসিকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও গতিশীল কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)