মুদি দোকানিকে কুপিয়ে জখম

দামুড়হুদার ফকিরপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব

আপলোড তারিখঃ 2025-06-22 ইং
মুদি দোকানিকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মুদি দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের ফকিরপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম মুদি দোকানি দামুড়হুদা উপজেলার মোল্লাপাড়ার মৃত মকবুল হোসেন মোল্লার ছেলে শাহ আলম মোল্লা (৫৫)।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুয়াডাঙ্গা শহরে বাজার করতে যাচ্ছিলেন শাহ আলম। পথে ফকিরপাড়া মোড়ে পৌঁছালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কাঠমিস্ত্রি রানা মোল্লা (৩০) ও তার পিতা মদু মোল্লার (৬০) সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে শুরু হয়ে রানা ধারালো দা দিয়ে শাহ আলমকে কুপিয়ে জখম করে।


সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মোল্লা বলেন, ‘রানা আমার দোকান থেকে অনেকদিন ধরে বাকিতে মাল নেয়। কিন্তু টাকা পরিশোধ করে না। আগেও টাকা চাওয়ায় আমাকে মারধর করেছে, আমি থানায় মামলাও দিয়েছিলাম। ৩১ মে আমার দোকানে হালখাতা ছিল, কার্ড পাঠিয়েও টাকা ফেরত পাইনি। পরে গত মঙ্গলবার তার বাড়িতে গিয়ে তাগাদা দিই। তখনও কথা কাটাকাটি হয়।’


তিনি আরও বলেন, ‘গতকাল সকালে বাজারে যাওয়ার পথে ফকিরপাড়ায় পৌঁছালে রানা আমকে গালিগালাজ শুরু করে। নিষেধ করলে তার বাবা-মা এসে আমাকে পেছন থেকে জাপটে ধরে আর রানা দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ওরা পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে শাহ আলম মোল্লাকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।’ 


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)