ছবির ক্যাপশন:
তালিমুল কুরআন ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মসূচির লিখিত ও মৌখিক পরীক্ষা। গতকাল শনিবার সকালে ডিঙ্গেদা দাখিল মাদরাসায় অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন আড়াই মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্তরা।
প্রশিক্ষণ শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ‘কোরআন শেখানো শুধুমাত্র ব্যক্তিগত আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর আদর্শ সর্বস্তরে পৌঁছাতে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।’
প্রশিক্ষণটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল। প্রতিদিন ফজরের নামাজের পর দুই ঘণ্টা করে চালানো হয় পাঠদান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ওস্তাদ মাওলানা আশরাফ আলী, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন।
বিদায়ী বক্তব্যে মাওলানা আশরাফ আলী বলেন, ‘আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কোরআনের জ্ঞান দান করেন। এই কোরআন আমাদের কবরেও সঙ্গ দেবে, মুনকার-নাকিরের প্রশ্নের জবাব দেবে। এমন মর্যাদা অন্য কিছুতে নেই।’ তিনি প্রশিক্ষণার্থী সবাইকে কোরআনের খাদেম হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়ে ব্যাচটির সমাপ্তি ঘোষণা করেন।
