অবশেষে আলমডাঙ্গায় থামবে বেনাপোল এক্সপ্রেস

স্বপ্নপূরণের আনন্দে ভাসছে জনপদ

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
অবশেষে আলমডাঙ্গায় থামবে বেনাপোল এক্সপ্রেস ছবির ক্যাপশন:

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলমডাঙ্গা রেলস্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন। আগামী ৩ জুলাই থেকে এই যাত্রাবিরতি কার্যকর হবে। প্রতিদিন (সাপ্তাহিক বন্ধ বুধবার ছাড়া) দুই মিনিট করে থামবে আপ ও ডাউন ট্রেন। এই তথ্য নিশ্চিত করে রেলওয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আবদুল আওয়াল স্বাক্ষরিত এক আদেশ গত মঙ্গলবার জারি করা হয়। গতকাল বুধবার দুপুরে চিঠিটি আলমডাঙ্গা পৌঁছালে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


আন্দোলনের মুখ্য সমন্বয়ক ও নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল বলেন, ‘আলমডাঙ্গাসহ আশপাশের কুষ্টিয়ার মিরপুর, গাংনী ও হরিণাকুণ্ডুর মানুষ এই সিদ্ধান্তের সুফল ভোগ করবেন। এটি ছিল আমাদের প্রাণের দাবি। সবাইকে নিয়ে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।’


চুয়াডাঙ্গার মধ্যে সবচেয়ে বড় উপজেলা আলমডাঙ্গা। ১৮৬২ সালে স্থাপিত এই রেলস্টেশন দিয়ে প্রতিদিন ৭ জোড়া আন্তঃনগর, ৩ জোড়া মেইল এবং ২ জোড়া লোকাল ট্রেন চলাচল করলেও বেনাপোল এক্সপ্রেস কখনও থামেনি। ফলে এই ট্রেন ব্যবহারের জন্য যাত্রীদের চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ার পোড়াদহ পর্যন্ত যাওয়া লাগত। একজন শিক্ষক জানান, ‘ফেরার পথে অনেক সময় মধ্যরাতে চুয়াডাঙ্গা স্টেশনে বসে থাকতে হতো, নিরাপত্তার অভাব ছিল। এখন আলমডাঙ্গায় ট্রেন থামলে মানুষের সময় ও নিরাপত্তা- দুটিই নিশ্চিত হবে।’


নাগরিক কমিটি, ব্যবসায়ী সংগঠন, কল্যাণ সমিতিসহ স্থানীয় নানা সংগঠন রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে একাধিক মানববন্ধন, রেলপথ অবরোধ, গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আসছিল। পাশাপাশি রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত আবেদন চলছিল দীর্ঘদিন ধরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে রেলওয়ের মহাপরিচালক বরাবর প্রস্তাব পাঠানো হয়। এরপর উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা) মো. মিহরাবুর রশিদ খান ৩ জুন রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপককে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।


চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, আপ ট্রেন বেনাপোল-ঢাকা) প্রতিদিন বেলা ৩টা ৩৯ মিনিটে আলমডাঙ্গায় এসে ৩টা ৪১ মিনিটে ছাড়বে। ডাউন ট্রেন (ঢাকা-বেনাপোল) রাতে ৩টা ৩৪ মিনিটে এসে ৩টা ৩৬ মিনিটে ছেড়ে যাবে। ৩ জুলাই প্রথমবার ট্রেন থামানোর দিনে আলমডাঙ্গা স্টেশনে বর্ণাঢ্য আয়োজন করার ঘোষণা দিয়েছে নাগরিক কমিটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)