ছবির ক্যাপশন:
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুকুরপাড়ে বটগাছের ডালে ঝুলছিল এক ট্রাকচালকের মরদেহ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের নাম মধু হোসেন (২৮)। তিনি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোরের দিকে বড় পুকুরের পাড়ে একটি বটগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান তারা। পরে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের ছোট ভাই পরশ হোসেন জানান, পেশায় ট্রাকচালক ছিলেন মধু হোসেন। গত কয়েক মাস ধরে বাবার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ কারণে প্রায় ২-৩ মাস ধরে বাড়ি যাওয়া-আসা বন্ধ ছিল তার। গত সোমবার বিকেলে পরিবারের সদস্যদের ফোন করে মধু বলেছিলেন, ‘আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।’
পরিবারের অন্য সদস্যরা জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন। এরপরই সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
