চুয়াডাঙ্গাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, কমবে গরম

তিন দিনে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
চুয়াডাঙ্গাসহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, কমবে গরম ছবির ক্যাপশন:

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে চুয়াডাঙ্গাসহ দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বস্তি ফিরেছে জনমনে। গত দুই সপ্তাহের দাবদাহে হাঁসফাঁস করা মানুষ এখন কিছুটা আশার আলো দেখছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গায় অন্তত তিন দিন প্রতিদিনই একাধিকবার বৃষ্টি হতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের তীব্রতা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে তিন দিন চুয়াডাঙ্গায় দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে।’

এদিকে, বৃষ্টির কারণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। শহরের নিউমার্কেট এলাকায় কর্মরত বেসরকারি চাকরিজীবী শাওন ইসলাম বলেন, ‘বৃষ্টি হতেই শরীরটা অনেক হালকা লাগছে। অফিসে যাওয়ার সময় ঘেমে একাকার হয়ে যেতাম, এখন অন্তত সেটা থেকে কিছুটা মুক্তি মিলেছে।’ তবে বৃষ্টির জন্য কেউ কেউ বিপাকে পড়েছেনও। শহরের শহিদ আবুল কাশেম সড়কে রিকশা চালানো সালাম শেখ বলেন, ‘বৃষ্টি হইলেই যাত্রী কমে যায়। ভিজে গায়ে সারাদিন ঠান্ডা লাগে। তবু গরম কমতাছে এইটাই বড় কথা।’

উল্লেখ্য, তিন দিন খুলনা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কতা হিসেবে নদী ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)