ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত রোববার রাতে মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ দুর্বৃত্তরা শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা চালায়। মনিরুল ইসলাম হিটু কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থক। পরে মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা একই উপজেলার হাকিমপুর ইউনিয়নের খালকুলা গ্রামে ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা চালায়।
এসময় সিসি ক্যামেরা, বসতবাড়ির জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের নেতৃত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন ভল্টার ছেলে যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু দলবল নিয়ে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
