চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা সভায় অভিযোগের ঝড়

পুশইন, চাঁদাবাজি, জুয়া, বাল্যবিয়ে, সড়ক দুর্ঘটনা, সীমান্ত ও শহর নিয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2025-06-17 ইং
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা সভায় অভিযোগের ঝড় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা ও অন্যান্য সভাসমূহ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ।

সভায় জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসিফ, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফারুক ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা ইউএনও শেখ মেহেদী ইসলাম, জীবননগর ইউএনও মো. আল-আমীন, দামুড়হুদা ইউএনও তিথি মিত্র, এনএসআই উপ-পরিচালক শামসুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সরকারি আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মৌছুফা বানু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত, র‌্যাব-১২-এর ডিএডি হামিদুর রহমান, বড় বাজার জামে মসজিদের ইমাম জোনায়ে আল হাবিবী, বিএনপি নেতা এম. জেনারেল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার এবং কমিটির সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় কমিটির সদস্যবৃন্দ অভিযোগ করেন, চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেলের সাইলেন্সার খুলে বখাটেরা অবাধে মোটরসাইকেল চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পৌর এলাকায় ল্যাম্পপোস্টে বাতিগুলো জ্বলে না, লাইটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় চুরি ও ছিনতাই বৃদ্ধি পেতে পারে। আলমডাঙ্গা পশুহাট রোডে হাটের দিনগুলোতে ট্রাফিক আইল্যান্ডে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়। এছাড়া, জেলার পশুহাটগুলোতে গরুর ওঠানামার জন্য স্থানীয়ভাবে শেড নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। কাস্টমস বিভাগের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না-এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, সীমান্তে বিএসএফ পুশ-ইন করছে-এটা কেন হচ্ছে? জেলায় বিভিন্ন স্থানে অনলাইনে জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে, যা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধেরও দাবি করা হয়।

এছাড়া, জেলায় নীরব চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করা হয়। চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করা হয়। মামলা নিষ্পত্তির হার সন্তোষজনক নয়-এটি বাড়াতে হবে। সদর উপজেলার গহেরপুর গ্রামে প্রতিদিন বালি উত্তোলন করছে এক শ্রেণির ভূমিদস্যু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আলমডাঙ্গায় শহীদ মিনারে ব্রাইট মাধ্যমিক বিদ্যালয়ে সেফটি ট্যাংক নির্মাণের বিষয়ে একটি তদন্ত টিম গঠনের প্রস্তাব করা হয়।

সভায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটি ভালোই গেছে। মে মাসে ডাকাতি, দস্যুতা ও সিঁধেল চুরি একটি করে ঘটনা ঘটেছে, যা বিগত এপ্রিল মাসের তুলনায় কম। মোবাইল কোর্টে ১৩টি আইনে জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ের ঘটনা খুব কম। তবে এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে বাল্যবিয়ের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই রোধে সড়কবাতি লাগানোর ব্যবস্থা নিতে হবে। সড়কে রোগীভর্তি, ছাত্র-ছাত্রী ও অটো রিজার্ভ হলে সেসব অটো ছেড়ে দিতে হবে। অথচ বিষয়টি কেউ কেউ মানছে না। এ বিষয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যারা মাটি ও বালি তুলে বিক্রি করছে তাদের বিরুদ্ধেও প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘দামুড়হুদার ডাকাতি মামলার আসামিকে খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। বর্তমান সময়ের সব ডাকাতি মামলা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। রাস্তায় আলোর স্বল্পতার জন্য পুলিশ ডিউটিতে থাকবে। পুলিশের লোকবল কম, তবে আমরা খেয়াল রাখবো। এবার পদক্ষেপ গ্রহণ করায় ঈদের আগে-পরে সড়ক দুর্ঘটনা যথেষ্ট কম হয়েছে। চাঁদাবাজি নিয়ে আমরা নিরবে কাজ করব। সামাজিক মাধ্যমে গুজব রোধে অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘করোনা ও ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে। বিশ্বে করোনা বাড়ছে। করোনা ডিটেকশনও বেড়েছে। জ্বর, ঠান্ডা ও কাঁশি না থাকলেও শরীরে ব্যথা থাকলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্বাস্থ্য অধিদপ্তর ১০ দিনের মধ্যে কীট সরবরাহ করবে। দর্শনা চেকপোস্টে বাহ্যিক লক্ষণ দেখে রোগী চিহ্নিত হচ্ছে। ডেঙ্গু বর্তমানে ঢাকা ও বরগুনায় হটস্পট। পানি জমে না থাকে সেদিকে সকলে খেয়াল রাখবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা ১৯টি কেন্দ্রে ২০ জুন অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি জোর দিতে হবে।’

চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসিফ বলেন, ‘চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তের ১১৩ কিলোমিটার এলাকায় ৮ কিলোমিটারে এখনো কাঁটাতারের বেড়া নেই। বিওপিগুলো ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত ২৪ ঘণ্টা ডিউটি করে। পুশ-ইন হয় রাতে। মাদকদ্রব্য পাচারকারীরা তৎপর থাকে। বিএসএফ যে জায়গা খালি থাকে, সেখানে ঢেলে দিয়ে চলে যায়। যাদের ঢুকাচ্ছে তারা সবাই বাঙালি। আমরা থানায় দিচ্ছি। রোহিঙ্গা কি না পরীক্ষা করছি। পুশব্যাক করতে পারছি না। সবকিছু বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)