ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার তিতুদহে ছয়টি পাতি সরালির বাচ্চা উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের সদস্যরা নুরুল্লাপুর মাঠের ইদ্রিসের পুকুরে বাচ্চাগুলো অবমুক্ত করেন। এর আগের দিন গিরিশনগর বাজারসংলগ্ন একটি খেজুর গাছের নিচে স্থানীয় কিছু যুবক ও শিশু সাতটি সাবকসহ একটি মা সরালি ধরে ফেলে। পরে মা ও একটি বাচ্চা ছেড়ে দিলেও বাকিগুলো তাদের হেফাজতে ছিল। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বন্যপ্রাণি আইনের বিষয়টি তুলে ধরেন। এরপর তারা ছয়টি সাবক সংগঠনের হাতে তুলে দেয়।
‘মানবতার জন্য’ সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, ‘পাতি সরালি সংরক্ষিত বন্যপ্রাণি। সদ্য ফোটা এসব সাবক যেকোনো জলাশয়ে ছেড়ে দিলে অন্য প্রাণীর দ্বারা মারা যাওয়ার আশঙ্কা থাকত। তাই তিন ঘণ্টা অনুসন্ধান শেষে মায়ের অবস্থান নিশ্চিত করে আমরা তাদের কাছে ফেরত দিতে সক্ষম হই।’
সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন, ‘প্রকৃতির অলংকারগুলো যেন নিজেদের স্থানে বাঁচতে পারে, সেটাই আমাদের কাম্য। মানুষ তার কর্মকাণ্ডে অন্য প্রাণির আবাস হরণ করছে, এটা বন্ধ হওয়া দরকার।’ উদ্ধার অভিযানে অংশ নেন সংগঠনের আব্দুল মান্নান, লাবু রহমান, মাহফুজসহ আরও অনেকে। পরে শিশু-কিশোরদের মাঝে বন্যপ্রাণি সংরক্ষণে সচেতনতা বার্তা দেওয়া হয়।
