আজ চুয়াডাঙ্গায় জানাজা ও দাফন, সর্বস্তরের মানুষের শোক

চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2025-06-14 ইং
আজ চুয়াডাঙ্গায় জানাজা ও দাফন, সর্বস্তরের মানুষের শোক ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গার প্রথিতযশা রাজনীতিক, বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ভাই, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।


জানা গেছে, গত কয়েকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ছেলুন জোয়ার্দ্দার। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে পরাজিত হন। এরপর ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ছাড়া নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য মনোনীত হন। ২০১৪ নির্বাচনের পর তিনি মহান জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন।


পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গনে। মেজো ভাইয়ের জানাজায় কথা বলেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ৫ই আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে এলেন টোটন জোয়ার্দ্দার। আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে ছেলুন জোয়ার্দ্দারের দ্বিতীয় নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।


সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুকুটবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। সোলায়মান হক জোয়ার্দ্দারের জন্ম ১৫ মার্চ ১৯৪৬ সালে পৈতৃক নিবাস চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকায়। তার পিতার মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার এবং মাতা মরহুমা আছিয়া খাতুন। পিতা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় হতে মেট্রিক পাস করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে উচ্চতর শ্রেণিতে পড়াশোনা করেন। পেশায় ব্যবসায়ী সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


ছাত্রজীবন হতেই ছেলুন জোয়ার্দ্দার ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। যুবলীগ প্রতিষ্ঠার পর তিনি চুয়াডাঙ্গা মহকুমার সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা যুবলীগের সভাপতি, ১৯৭৯ সালে আওয়ামী লীগের জেলা সেক্রেটারি ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ভারত হতে ট্রেনিং নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছেলুন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ সময়ের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। শুধু রাজনীতি নয়, শিক্ষা ক্ষেত্রেও ছিল তাঁর বিশেষ আগ্রহ। ২০১২ সালে তিনি চুয়াডাঙ্গায় ‘ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন এবং বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষাবিস্তারে ভূমিকা রেখে চলেছে।
তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৪ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর এবং পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তার স্ত্রীসহ পরিবারের কয়েকজনের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয় এবং ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।


তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ জনগণ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। আবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন। সোলায়মান হক জোয়ার্দার ছেলুন একজন সংগ্রামী নেতা ছিলেন, যিনি রাজনৈতিক মাঠ, মুক্তিযুদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে নিজের ছাপ রেখে গেছেন। তাঁর কর্ম ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)