ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনার কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে (মুহুরি) দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের সাথে জড়িত অন্য কেউ যদি থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজন সহোদর ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার জেরে উভয়পক্ষের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি আমলে নিয়ে দলীয় উদ্যোগে তদন্ত শুরু করে জেলা বিএনপি।
