চুয়াডাঙ্গাসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন

ত্যাগের মহিমায় উদ্‌যাপিত ঈদুল আজহা

আপলোড তারিখঃ 2025-06-11 ইং
চুয়াডাঙ্গাসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন ছবির ক্যাপশন:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি, যা কোরবানি ঈদ নামে পরিচিত। ত্যাগ ও পবিত্রতার বার্তা নিয়ে চুয়াডাঙ্গায় উদ্‌যাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগম্ভীরতা ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে জেলার বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত শনিবার (৭ জুন) সকাল ৭টায় চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম জামাত। আগের রাতে টানা বৃষ্টির কারণে নির্ধারিত স্থানে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হওয়ায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ চাঁদমারী মাঠের পরিবর্তে কোর্ট মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইমাম মুফতি রুহুল আমিন।

ঈদের নামাজে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলার কৃতী সন্তান ও প্রবাসী ব্যবসায়ী সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের জামাতে ইসলামের সাম্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে মুসল্লিরা এক কাতারে শিষ নামাজ আদায় করেন।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আশপাশের এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঈদের জামাত আয়োজন করা হয়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, কেন্দ্রীয় ঈদের জামাত সকাল ৭টায় এবং পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে কিছু পরিবর্তন হলেও, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৩টি স্থানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে।

জামাত শেষে ঈদুল আজহার তাৎপর্য ও কোরবানির শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই ঈদ আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু ত্যাগের যে শিক্ষা হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) রেখে গেছেন, তা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। সেই শিক্ষা অনুসরণ করে সমাজ ও ব্যক্তিজীবনে আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিকতা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত, যেখানে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব মানবতার কল্যাণ এবং সম্প্রতির জন্য প্রার্থনা করা হয়।

এদিকে, গত শনিবার সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী ও আশপাশের হাজার হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া সারা দেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। নানান শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদে মহিলারা ঈদ জামাতে শরিক হন।

জাতীয় ঈদগাহ ময়দানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা ঈদের নামাজ আদায় করেন। এ দিন ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল আজহা কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো রাজধানী। কোরবানির পশুর বর্জ্য সরাতে ঈদের দিন দুপুর থেকেই ব্যস্ত ছিলেন ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ, দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার বেশ কিছু গ্রামসহ বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এবার ৫ থেকে ১৪ জুন টানা ১০ দিন ঈদের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ এ ছুটিতে অনেকেই স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছেড়েছিলেন ঈদের দুই দিন আগেই। রাজধানী ছিল অনেকটা ফাঁকা। ঈদের ছুটিতে যানবাহন চলাচল, সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখাসহ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছিল বিভিন্ন পদক্ষেপ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)