চুয়াডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ড কর্মচারীর মৃত্যু ঘিরে রহস্য

পরিবারের দাবি হত্যাকাণ্ড, আজ মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-06-01 ইং
চুয়াডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ড কর্মচারীর মৃত্যু ঘিরে রহস্য ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জয়রামপুরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গাফফার আলী আকাশ (২৬) নামে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীর মৃত্যুকে ঘিরে ধীরে ধীরে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়-একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আকাশের বাবা জিন্নাত আলী গত ২১ মে চুয়াডাঙ্গা আদালতে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ট্রেনের ‘ঙ’ বগিতে দায়িত্বে থাকা দুই রেল পুলিশ, এক টিটিই এবং দুই এটেনডেন্টকে অভিযুক্ত করা হয়েছে। আসামিরা হলেন-টিটিই লালন চক্রবর্তী (৪২), রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক পারভেজ (৩৬), কনস্টেবল কাদের (৪০), এটেনডেন্ট মিলন (৩৭) ও সোহাগ মিয়া (৩৬)।


নিহত আকাশ চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি প্রায়দিনের মতো ১৯ মে কপোতাক্ষ ট্রেনে চড়ে অফিস শেষে বাড়ি ফিরছিলেন। পরদিন ভোরে জয়রামপুর আখ সেন্টারের পাশে রেললাইনের ধারে তার মরদেহ উদ্ধার করা হয়। পাশে পড়ে ছিল একটি জুসের প্যাকেট, যা তিনি তার ৯ মাস বয়সী সন্তানের জন্য কিনেছিলেন।


ঘটনার পরপরই স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ‘ট্রেন থেকে পড়ে মৃত্যু’ বলে খবর প্রকাশিত হলেও, পরিবারের দাবি এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা। মামলায় বলা হয়েছে, ওইদিন ট্রেনের 'ঙ' বগিতে দায়িত্বরত রেলওয়ে কর্মীরা টিকিট না থাকা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও অতিরিক্ত টাকা দাবি করছিলেন। প্রতিবাদ করায় আকাশকে টেনে-হিঁচড়ে দরজার কাছে নিয়ে গিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।


পরিবারের পক্ষ থেকে একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং একটি কল রেকর্ড উপস্থাপন করা হয়েছে। রাজশাহী থেকে ট্রেনে উঠা এক যাত্রী রেকর্ডে বলেন-‘আমি ৭১ নম্বর সিটে বসেছিলাম। দেখলাম লাল গেঞ্জি পরা এক ছেলেকে (আকাশ) কয়েকজন টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছে। ৩০ সেকেন্ডের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি, ছেলেটার মাথা নিচের দিকে পড়ে যাচ্ছে। পাশে দুইজন পুলিশও ছিল।’


ওই যাত্রী আরও জানান, দর্শনা হল্ট স্টেশনে নেমে তারা উপস্থিত পুলিশ সদস্য কাদেরের কাছে জিজ্ঞেস করেন, ‘ছেলেটার অপরাধ কী?’ কোনো উত্তর না দিয়ে চলে যান তিনি।


আকাশ ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। গ্রামের মানুষ জানায়, আকাশ ছিল অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে। তার মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকাল ৯টায় উথলী বাজারে মানববন্ধনে অংশ নেবে এলাকাবাসী। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)