স্বর্ণ ব্যবসায়ী রিপনুল ৫ দিনের রিমান্ডে

সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত

আপলোড তারিখঃ 2025-05-30 ইং
স্বর্ণ ব্যবসায়ী রিপনুল ৫ দিনের রিমান্ডে ছবির ক্যাপশন:

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মো. রিপনুল হাসানকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার পল্টন মডেল থানায় করা এক হত্যাচেষ্টা মামলায় গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক বিমান তরফদার। রিপনুল হাসানের আইনজীবী পল্লব বাড়ৈ তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।


এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ বলছে, রিপনুল হাসানের বিরুদ্ধে একাধিক থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে। রিপনুল হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের মাঝেরপাড়া আব্দুল হান্নানের ছেলে।


গতকাল আদালতে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী পল্লব বাড়ৈ বলেন, ‘আসামির রাজনৈতিক কোনো পদ-পদবি নেই। রিমান্ড আবেদনে আসামির রাজনৈতিক যে পরিচয় দেখানো হয়েছে, সেটা সম্পূর্ণ ভুয়া। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই পদ সৃষ্টি করেছে। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।’


আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল এই মহাসমাবেশের ডাক দেয়। সেখানে ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা অতর্কিতভাবে হামলা করে। এসময় আসামিদের এলোপাথাড়ি গুলিতে বাদী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


এ ঘটনায় চলতি বছরের ২৯ এপ্রিল ভুক্তভোগী গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মন বাদী হয়ে মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলায় ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি রিপনুল হাসান।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ৫ই আগস্টের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তুলতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে অবৈধ অর্থের যোগান দিতেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি চিহ্নিত স্বর্ণ চোরকারবারি রিপনুল হাসান। চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরের সহযোগিতায় স্বর্ণ পাচার করতেন চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর এবং ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে। এভাবে স্বর্ণ পাচার সিন্ডিকেটের মূলহোতা হিসেবে নিজেকে মেলে ধরতে শুরু করেন। ঢাকা থেকে আসা স্বর্ণ তার মাধ্যমে তিন সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতো। এরপর বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেত।


জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত:


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার যে কর্মসূচি দিয়েছিল বাজুস, তা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি ও ন্যায়বিচারের প্রত্যাশায় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে বাজুস। পাশাপাশি আসন্ন ঈদুল আজহা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় অনির্দিষ্টকালের বন্ধের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাজুস- এ তথ্য উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদের আগামীকাল ৩০ মে (আজ) থেকে সকল জুয়েলারি প্রতিষ্ঠান খোলা রাখার অনুরোধ জানিয়েছে। তবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রিপনুল হাসানের নাম প্রত্যাহার ও ন্যায়বিচার না পেলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বাজুস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)