ছবির ক্যাপশন:
দর্শনা-মুজিবনগর সড়কের গলাইদড়ি ঘাটে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক ও আরোহী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার পর গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরজ আলী। তিনি উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা থেকে দামুড়হুদা যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ফরজ আলীকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনজনই ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। ফরজ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রাজশাহী মেডিকেলে রেফার করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনাইদ।
আহত মোটরসাইকেল চালক শাহিন (২০) ও আরোহী তামিম (১৫) গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দর্শনা থানার অফিরার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিবারের কেউ চাইলে মামলা নিয়ে তদন্ত করা হবে।
